অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত ও আল্লাহর নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ইউএনওদের উদ্দেশে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

খাল খনন প্রকল্পের কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ৮৩টি উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানাতে মূলত এ সভার আয়োজন করা হয়।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা আছি, কাল থাকব না। তাই সবাইকে সম্মিলিতভাবে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে, যেখানে মানুষ কিছুটা হলেও ভালো থাকবে।

ইউএনওদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যে উপজেলায় একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, সেটি হয়তো তার নিজের উপজেলা নয়। কিন্তু সেটি দেশেরই একটি অংশ। সেখানে বসবাসকারী মানুষগুলো নিজের এলাকার মানুষ না হলেও তাদের আপনজনের মতো করে দেখতে হবে। দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শুধু আইন প্রণয়ন করে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষকে বোঝানো ও সচেতন করার মাধ্যমেও অনেক সমস্যার সমাধান করা যায়। এ কারণে নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে ইউএনওদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পরিবেশ রক্ষায় মাঠ প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অনেক মানুষ নিজেদের উদ্যোগে গাছ লাগাতে আগ্রহী। সরকারি কর্মকর্তারা তাদের উৎসাহিত করলে একজন ব্যক্তি যেখানে ১০টি গাছ লাগাতেন, সেখানে ৫০টি গাছ লাগানোর উদ্যোগ নিতে পারেন।

খেলাধুলার প্রসারেও ইউএনওদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান। তিনি বলেন, খেলাধুলার আয়োজন করতে শুধু বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবসের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। স্থানীয়ভাবে ভালো কোনো উপলক্ষ, এমনকি কোনো ব্যক্তির জন্মদিনকেও কেন্দ্র করে খেলাধুলার আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে।

সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে মানুষের মধ্যে দয়া-মায়া ও সহমর্মিতা কমে যাচ্ছে। মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে উঠছে। এই প্রবণতা অব্যাহত থাকলে সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হতে পারে। তাই নিজ নিজ এলাকায় মানুষের প্রতি মানুষের দরদ, মমতা ও সহমর্মিতা বাড়াতে উদ্যোগ নিতে হবে।

পশুপাখি ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মধ্যে মানবিকতা এবং পশুপাখির প্রতি মায়া-মমতার বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাংলাদেশ যেন সব প্রাণী ও প্রাণের জন্য একটি নিরাপদ জায়গা হয়—এটাই লক্ষ্য।

সভায় ইউএনওরা নিজ নিজ উপজেলায় খাল খনন কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর কৃষি, পানি ব্যবস্থাপনা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা জানান, খাল খননের আগে যেসব এলাকায় বছরে দুই ফসল উৎপাদন হতো, সেখানে বর্তমানে তিন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, খাল খননের প্রধান উদ্দেশ্য হলো নদীমাতৃক বাংলাদেশের পুরোনো চিত্র ফিরিয়ে আনা। দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তিনি জানান, পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

সভায় উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া ৮৩ জন ইউএনও ছাড়াও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

1

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

2

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

5

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

6

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

7

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

8

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

9

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

10

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

15

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

19

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

20