
তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের প্রতিবাদে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সভাপতি হানিফ বাংলাদেশী।
তেল, গ্যাস ও বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সংকটের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ‘সরকারের ব্যর্থতায় তেল-গ্যাস-বিদ্যুতের লাগামহীন ঊর্ধ্বগতি, দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশী। এতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এম এ জলিল, অলক চৌধুরী, মিল্লাত হোসেন, সৌরভ হোসেন বেলাল, মাহবুবা নার্গিস শানু, আব্দুল্লা আল মামুন, শহিদুল ইসলাম ও দিদার হোসেনসহ অনেকে।
সভাপতির বক্তব্যে হানিফ বাংলাদেশী বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধান করতে পারছে না। এর মধ্যে দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে, ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে।
তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে তেল-গ্যাসের সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরছে। তাঁর দাবি, ইউনূসের করা ‘রিসিপ্রোকাল ট্রেড’ নামে বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ থেকে তেল-গ্যাস আমদানি করা যাচ্ছে না। তিনি এই চুক্তিকে ‘গোলামী চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, বিএনপি চুক্তিটি বাতিল না করে এর বৈধতা দিয়েছে। তাঁর দাবি, এই চুক্তির কারণেই তেল ও গ্যাসের দাম বাড়ছে।
হানিফ বাংলাদেশী আরও বলেন, জনগণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে হিসাব-নিকাশ করে না; তারা চায় স্বাভাবিক জীবনযাপনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। এসব ব্যবস্থা কোথা থেকে নিশ্চিত করা হবে, তা সরকারের দায়িত্ব। জনগণ বিএনপিকে নিরাপদে জীবনযাপনের প্রত্যাশায় ভোট দিয়েছে, অথচ এখন জননিরাপত্তা বলে কিছু নেই।
তিনি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় গণআন্দোলনের মুখে সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।