
দিনাজপুরের ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৪ জনকে ৪২টি ছাগল এবং দুইজনকে প্রয়োজনীয় মালামালসহ দুটি মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ছাগল ও মুদি দোকানের মালামাল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান মান্নান হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাচাই-বাছাই করা ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ১৪ জনকে তিনটি করে মোট ৪২টি ছাগল এবং আরও দুইজনকে প্রয়োজনীয় মালামালসহ দুটি মুদি দোকান দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করা এবং তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। আয়বর্ধক এসব উপকরণের মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি উপকারভোগীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং তারা যাতে পুনরায় ভিক্ষাবৃত্তিতে ফিরে না যান, সে লক্ষ্যেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।