অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইশরাককে পুনর্বহালের দাবি, বিকল্প হিসেবে প্রতিমন্ত্রী চান শহীদ পরিবারের সদস্য

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। তাঁকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্য, শিক্ষিত ও নিষ্ঠাবান কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বুধবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, শহীদ রমিজুদ্দিনের বাবা উকিল বুলবুল আহমেদ, যাত্রাবাড়ীর কাজলার শহীদ ইমাম হাসান তাইমের বন্ধু মোহাম্মদ আহাদ হোসেন, শহীদ নূর হোসেনের মা নুরন্নাহার চিনু, শহীদ মোহাম্মদ নাসির হোসেনের ভাই হুমায়ুন, শহীদ সাইদুল ইসলাম ইয়াসিনের মা মনজিলা বেগম এবং আহত জুলাই যোদ্ধা এ কে এম ওবায়দুল হকসহ অন্যরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করার দায়িত্ব মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। তবে এ-সংক্রান্ত অনেক কাজ এখনো বাকি রয়েছে। এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ে এমন একজন দায়িত্বশীল ব্যক্তি প্রয়োজন, যিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেন এবং শহীদ পরিবার ও আহতদের সমস্যাগুলো উপলব্ধি করেন।

জুলাই যোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক কাজ করার সুযোগ রয়েছে। এসব কার্যক্রম এগিয়ে নিতে ইশরাক হোসেনকে পুনরায় দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তবে তাঁকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এখনো অনেক আহত যোদ্ধা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। তাঁদের কেউ কেউ নিজ খরচে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। দূরদূরান্ত থেকে ঢাকায় চিকিৎসা নিতে আসা আহতদের জন্য থাকা-খাওয়ার ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া অনেক আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যের গেজেটভুক্তি এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি।

আহত জুলাই যোদ্ধা এ কে এম ওবায়দুল হক বলেন, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এখনো অনেক ঘাটতি রয়েছে। আহতদের অনেকে হাসপাতালে ভর্তি হওয়া ও চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, শহীদ পরিবার ও আহতদের মধ্য থেকে এমন একজন শিক্ষিত, মার্জিত ও নিষ্ঠাবান ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত, যিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেন এবং তাঁদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন; তাঁরা রাষ্ট্রের সম্পদ। তাঁদের যথাযথ সম্মান, নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সংবাদ সম্মেলন থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবারগুলোর ন্যায্য দাবি পূরণ এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

1

পূজার ছুটিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল, ডজনপ্রতি ১০ টাকা কমল

2

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

3

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

4

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়া

5

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

6

টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

8

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

9

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

10

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

11

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধু

12

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার আহ্বা

13

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

14

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগত আতঙ্ক, বাড়ির মালিকদের

15

ঢাকায় শুরু ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’, ন্যায্য জ্বালানি

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

18

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

19

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

20