অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩: এইচআরএসএস

চলতি বছরের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় দলীয় কোন্দল ও অন্তঃকোন্দলের ঘটনায় ৬ জন নিহত এবং ১৬৪ জনের বেশি রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন এবং আহত হয়েছেন আরও ৫১ জন।

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

সংগঠনটির জুলাই মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের নিজস্ব তথ্যসংগ্রহ এবং স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সংঘটিত ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। জুন মাসের তুলনায় রাজনৈতিক সহিংসতায় হতাহত কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে জুন মাসে ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছিলেন ৯ জন এবং আহত হন ৩৪৬ জন।

জুলাই মাসের রাজনৈতিক সহিংসতার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ১৪টি ঘটনায় অন্তত ৪৮ জন আহত এবং ২ জন নিহত হন। বিএনপি-জামায়াতের মধ্যে ৬টি সংঘর্ষে আহত হয়েছেন ৪৪ জন। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ৩টি সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন এবং বিএনপি-এনসিপির মধ্যে ৫টি সংঘর্ষে আহত হয়েছেন ৩৮ জন। এছাড়া বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ১৪টি ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘটিত ৩টি ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ২ জন এবং জেএসএস ও ইউপিডিএফের ৩ জন রয়েছেন।

এ ছাড়া দুষ্কৃতকারীদের হামলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অন্তত ৭টি ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আওয়ামী লীগের একজন এবং বিএনপির চারজন রয়েছেন। একই সময়ে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৯টি ঘটনায় অন্তত ৪০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজনৈতিক মামলার চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪১টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ৮৮৭ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৫ হাজার ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

একই সময়ে রাজনৈতিক ও অন্যান্য ঘটনায় মোট ১৯৩টি ঘটনায় অন্তত ৯ হাজার ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের অন্তত ৩১৮ জন, বিএনপির ২৮ জন, এনসিপির ৭ জন এবং জামায়াতে ইসলামীর ১ জন নেতাকর্মী রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ হাজার ৭৯৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও উগ্রপন্থী সংগঠনের সদস্য।

মব সহিংসতা ও গণপিটুনির বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে ৪৯টি ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

জুলাই মাসে ৩৬টি ঘটনায় ৫৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে আহত হয়েছেন ২১ জন, লাঞ্ছিত হয়েছেন ৯ জন এবং হুমকির মুখে পড়েছেন ৮ জন সাংবাদিক। এছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।

সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ৯টি সভা ও সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দিয়েছে, যার ফলে ২০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অন্তত ৮টি ঘটনায় ৮ জনকে আটক এবং ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অন্তত ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর বিভিন্ন ধারায় পৃথক ৩টি মামলায় ১৭ জনকে অভিযুক্ত এবং ৩ জনকে আটক করা হয়েছে।

জুলাই মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশ হেফাজতে ২ জন এবং ডিবি হেফাজতে ১ জন ছিলেন।

একই সময়ে দেশের বিভিন্ন কারাগারে অন্তত ১০ জন বন্দির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন ছিলেন দণ্ডপ্রাপ্ত কয়েদি এবং ৮ জন হাজতি। মৃতদের মধ্যে আওয়ামী লীগের ২ জন নেতাকর্মীও রয়েছেন।

শ্রমিক নির্যাতনের ঘটনায় জুলাই মাসে ৭৯টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। পাশাপাশি অস্বাস্থ্যকর কর্মপরিবেশ ও নিরাপত্তা সরঞ্জামের অভাবে কর্মস্থলে দুর্ঘটনায় আরও ৫৫ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনায় প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে মোট ২৫৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯৫ জন, যাদের ৬১ জনই ১৮ বছরের কম বয়সী। এছাড়া ১১ জন গণধর্ষণের শিকার হয়েছেন।

এ ছাড়া ৭৮ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৪০ জন শিশু। যৌতুক-সংক্রান্ত সহিংসতায় ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় ৪৫ জন নারী নিহত, ১০ জন আহত এবং ২৩ জন আত্মহত্যা করেছেন।

শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ১৮০ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৪৬ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্তে সহিংসতা এবং শ্রমিক নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার, হয়রানি ও আইনি পদক্ষেপের ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। এসব সমস্যা কার্যকরভাবে সমাধান করা না গেলে দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

1

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

2

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

3

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

6

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

9

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

10

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

11

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

12

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

13

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

14

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

15

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

16

সরকারের ব্যর্থতায় দেশ আতঙ্কের জনপদ: সিপিবি সভাপতি

17

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

18

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

19

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

20