অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার ও বিএনপি। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। সারা দেশে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রাজধানীতে বিএনপির শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও একই কর্মসূচি পালন করা হবে।

এ সংক্রান্ত পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল দেশে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় ৭ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে প্রতিবছর জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ছুটির আওতায় থাকবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফশিলি ব্যাংকও বন্ধ থাকবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

**বিএনপির শোভাযাত্রা**

দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রা উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আজ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের জানান, আগামীকাল দেশের বিভিন্ন জেলা ও মহানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রা শুরু হবে।

তিনি জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।

রিজভী আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন করবে। শোভাযাত্রা সফল করতে বিএনপির মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং অঙ্গসংগঠনগুলো প্রস্তুতি নিয়েছে। দিবসটি উপলক্ষে দলটি ইতিমধ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

**রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী**

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সব ষড়যন্ত্রের অবসানে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনগণের প্রতি শ্রদ্ধা জানান।

বাণীতে তিনি ৭ নভেম্বরকে জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় দিন ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময়ের রাজনৈতিক অস্থিরতা ও ষড়যন্ত্রের মধ্যে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান। পরে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সংকট উত্তরণের দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয় বলে বাণীতে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

সিপাহি ও জনতার সংহতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এক অভূতপূর্ব জাগরণ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় ঐক্য ও সংহতির পরিচয় দিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও একই চেতনার পুনর্জাগরণ ঘটে। তাঁর মতে, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের ঐক্যে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং দেশ তাঁবেদার রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা থেকে রক্ষা পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করতে চেয়েছিল, ৭ নভেম্বরের বিপ্লবে তাদের পরাজয় ঘটে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ওই দিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করেছিল। বাংলাদেশের জন্ম ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ নির্মাণের ওপরও গুরুত্ব দেন তিনি।

তারেক রহমানের অভিযোগ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর পরাজিত শক্তি পরবর্তী সময়ে আবার সংগঠিত হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করা এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কথাও বাণীতে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ভবিষ্যতে যেন কেউ জনগণের অধিকার হরণ করতে কিংবা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত। এ অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

**সরকারের দেশব্যাপী কর্মসূচি**

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভার উদ্যোগে দেশের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে।

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দেশের সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

দেশের হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনাগার, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে সুবিধাজনক সময়ে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সিটি করপোরেশন ও পৌরসভার ব্যবস্থাপনায় শিশুদের জন্য দেশের সব শিশু পার্ক দিনব্যাপী বিনা টিকিটে উন্মুক্ত থাকবে।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ আলোচনা ও রচনা প্রতিযোগিতা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সিনেমা হল ও ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনেরও আয়োজন থাকবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গানের আসর, জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা এবং জেলা সদর ও উপজেলায় প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ স্মারক আলোচনা সভার আয়োজন করা হবে।

সশস্ত্র বাহিনীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্যাডেট কোরের তত্ত্বাবধানে ঢাকার আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হবে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এনটিএমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদর দপ্তরে মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবার অনুষ্ঠিত হবে।

**ছয় ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে**

দিবসটি উপলক্ষে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহন টোল ছাড়াই চলাচল করতে পারবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

**বিশিষ্টজনদের বক্তব্য**

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। তাঁর মতে, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়। এ কারণে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩, ৪ ও ৫ নভেম্বরের রাজনৈতিক পরিস্থিতিতে দেশে কার্যত সরকার ছিল না। এ সময় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে তাঁর বাসভবনে বন্দি করে রাখা হয়েছিল। ৬ নভেম্বর রাতে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটে এবং চার দিন পর মুক্তি পান জিয়াউর রহমান।

সৈয়দ আবদাল আহমদ আরও বলেন, মুক্তির পর রেডিওতে ‘আমি জিয়া বলছি’ বক্তব্যের মাধ্যমে জিয়াউর রহমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়া এবং কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তাঁর মতে, ৭ নভেম্বরের ওই ভাষণ দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল।

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মারুফ কামাল খান বলেন, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে দিনটি জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

অন্যদিকে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজীউল হাসান খান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা অধিনায়ক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা। তাঁর মতে, ওই দিনের সিপাহি-জনতার বিপ্লব জিয়াউর রহমানকে দেশের রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে এবং জাতীয় সংকটের সময়ে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গায় প্রতিষ্ঠিত করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

1

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আইপি৬৯-প্রো রেটিং নিয়ে আসছে রিয়েলমির

2

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

3

পীরগঞ্জে এতিম ভাতিজার জমিতে ঘর নির্মাণের অভিযোগ চাচার বিরুদ্

4

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চান প্রধানমন্ত্রী

5

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

6

১৫ বছরে ১২০ কোটি তরুণের বিপরীতে কর্মসংস্থান হবে মাত্র ৪০ কোট

7

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

8

১৭ বছরের জঞ্জাল ৬ মাসে পরিষ্কার সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

9

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

12

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

13

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

14

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

15

তারেক রহমানের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি

16

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

17

ফাইনাল নয়, মালয়েশিয়ার ভাবনায় আপাতত বাংলাদেশ

18

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

19

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

20